|
 |
¦ |
|
|
| |
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় গৃহায়নের ২৯ প্লট গত ১৫ বছর ধরে জবরদখলের ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ দখলসহ অনিয়ম খতিয়ে দেখতে গত ২৭ এপ্রিল বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৃৃহায়নের এক অফিস আদেশে এ তদন্তের কথা জানা গেছে। জবরদখলের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে গৃহায়নের ভূমিব্যবস্থা বিভাগের পরিচালক বাসুদেব গাঙ্গুলীকে। কমিটির অপর দু'সদস্য হলেন, উপ-পরিচালক টিপু সুলতান ও মিরপুরের নির্বাহি প্রকৌশলী কাজী আবু হানিফ। গত সোমবার অনলাইন দৈনিক শীর্ষ নিউজ ডটকম এবং সাপ্তাহিক শীর্ষ কাগজে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের টনক নড়ে। প্রকাশিত সংবাদের সূত্র ধরে গৃহায়নের ভূমি ও ব্যবস্থাপনা বিভাগ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করলে জাতীয় গৃহায়নের চেয়ারম্যান এমএ হান্নান অবশেষে আজ জবরদখলের ঘটনা তদন্তের নির্দেশ দেন। এ ব্যাপারে কমিটির প্রধান বাসুদেব গাঙ্গুলী শীর্ষ নিউজ ডটকমকে জানান, দু'এক দিনের মধ্যে আমরা কাজ শুরু করব। কি কারণে এতদিন বরাদ্দপ্রাপ্তরা প্লট দখল নিতে পারেননি তা খতিয়ে দেখা হবে। তাছাড়া জবরদখলের সঙ্গে জাতীয় গৃহায়নের কেউ জড়িত আছে কি-না তাও দেখা হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ডুইপ প্রকল্পের আওতায় মিরপুরে বিভিন্ন পেশার লোকজনকে পৌনে দুই কাঠা করে ২৯টি প্লট বরাদ্দ দেয়। কিন্তু গৃহায়নের কতিপয় কর্মকর্তা এবং ডুইপ ম্যানেজারের অসহযোগিতায় দীর্ঘ পনের বছর ধরে বরাদ্দপ্রাপ্তদের প্লটের দখল হস্তান্তর বুুঝে দেয়া হয়নি বলে অভিযোগ আছে। বরং এসব প্লট পরবর্তীতে স্থানীয় সন্ত্রাসীরা জবরদখল করে নেয়। তারা সেখানে বাসা-বাড়ি, দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলে। সর্বশেষ আদালতে মামলা ঠুকে দিলে প্লটের দখল হস্তান্তর প্রক্রিয়া থমকে যায়।সৌজন্যে- শীর্ষ নিউজ ডটকম