ঢাকা, মঙ্গলবার, ৩ মে ২০১১. ২০ বৈশাখ ১৪১৮, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩২

« পূর্ববর্তী সংবাদ
¦

ষড়ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতুর আগমনই আনন্দদায়ক। তবে প্রতিটি ঋতুর মতো গ্রীষ্মেরও ভালো-মন্দ রয়েছে। গ্রীষ্মের শুরুতেই প্রচুর গরম পড়ে। আর গরম বলে তো ঘরে বসে থাকলে চলবে না। এই কাঠফাটা রোদের মাঝেই আমাদের প্রত্যেককেই জীবন ও জীবিকার তাগিদে অবিরাম ছুটে চলতে হয়। এই গরমে সুস্থ থাকতে আমাদের প্রত্যেককেই কিছুটা সচেতন হতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে গরমেও নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখা যাবে। গরমে ঘামের সঙ্গে সঙ্গে শরীরের প্রচুর পরিমাণ পানি ও লবণ বেরিয়ে যায়। তবে লবণের চেয়ে পানির পরিমাণটাই বেশি থাকে। ফলে শরীর অবসন্ন হয়ে পড়ে। আর এতে মাথাঘোরা বা অনেকেই অজ্ঞান হয়ে পড়তে পারেন। এ সময় তাৎক্ষণিকভাবে চিকিৎসা না করালে মৃত্যু হওয়াও অস্বভাবিক নয়। তাই একান্ত প্রয়োজন না হলে গরমে ঘর থেকে না বের হওয়াই ভালো। যদি বের হতেই হয় তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। প্রতিদিন অন্তত দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে। যদি শরীর অবসন্ন হয়ে পড়ে তাহলে ছায়াযুক্ত বা শীতল কোনো স্থানে রোগীকে নিয়ে যেতে হবে। ঠা-া পানি ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। প্রয়োজনে খাবার স্যালাইন খাওয়াতে হবে যাতে শরীরের লবণ ও পানির ঘাটতি দূর হয়। অজ্ঞান হলে বা মাথা ঘোরালে মাথায় পানি ঢালতে হবে। যদি তাতেও অবস্থার উন্নতি না হয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।গরমের সময় অত্যাধিক তাপমাত্রার কারণে খাদ্যদ্রব্য দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া গরম থেকে স্বস্তি পেতে অনেকে চলার পথে অনেক কিছুই খায়। যেগুলোতে নানা রকম রোগ-জীবাণু থাকতে পারে। অন্যদিকে গরমের সময় আমাদের দেশে চরম পানি সংকট থাকায় বাসায় বা হোটেলে থালা-বাসন ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করা হয় না। এসব কারণে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়ে, যাকে আমরা সাধারণত ফুড পয়জনিং বলে থাকি। এ থেকে বমি, ডায়রিয়াসহ অনেক রোগেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পেটের এসব পীড়া থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই বাইরের খোলা খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। আর খেতেই যদি হয় তবে মানসম্পন্ন হোটেলে খাওয়াই ভালো। কোনো মতেই বাসি বা পচা খাবার খাওয়া যাবে না। এছাড়া যতটা সম্ভব তৈলাক্ত ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার, রাস্তার খোলা খাবার বা পানীয় এড়িয়ে চলা। গরমের সময় এসব খাবার হজমের সমস্যা দেখা দিতে পারে। আর খাবার আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে খাওয়ার পাত্র ও হাত ধুয়ে নিতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি, শরবত, ফলের রস কিংবা ঠা-া পানীয় পান করতে হবে। পাতলা পায়খানা শুরু হলে খাবার স্যালাইন, ডাবের পানি, চিড়ার পানি এসব খেতে হবে। অবস্থা বেশি খারাপ হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। গরমের সময় অনেকেই ত্বকের বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকেন। ঘাম থেকে ঘামাচি হয়, তারপর সেই ঘামাচি চুলকাতে গিয়ে নখের অাঁচড়ে ঘা তৈরি করা সাধারণ সমস্যা। আবার পানি সংকটের কারণে অনেকে গোসলের সময় সাবান কম ব্যবহার করে থাকেন। যার ফলে গোসলের পরও শরীর অপরিচ্ছন্ন থাকে। সেই সাথে রোদে পুড়ে ত্বক কালো হওয়া বা অনেকের ত্বকে ছোপ ছোপ দাগও পড়ে। ত্বকের এসব সমস্যা থেকে রক্ষা পেতে সবসময় চেষ্টা করতে হবে রোদে কম অবস্থানের। বিশেষ করে ভরদুপুরে নয়ই। প্রতিদিন বাইরে থেকে এসেই সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে। শরীরকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। ঘামের কাপড় বেশিক্ষণ শরীরে রাখা যাবে না। সবসময় হালকা রঙের কাপড় পড়তে হবে। ত্বককে রোদ থেকে রক্ষা করতে ভালো প্রতিষ্ঠানের সানস্ক্রিন লোশন ব্যবহার করা যেতে পারে। চোখের প্রদাহজনিত সমস্যা থাকলে সানগ্লাস ব্যবহার করা ভালো। আর ঘামাচি হলে ঘামাচি পাউডার লাগাতে হবে। অনেকেরই এ সময় সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমে মৌসুমী সবজি ও ফল যেমন- লাউ, পেঁপে, পটল, ঝিঙে, তরমুজ, আম, জাম ও জামরুল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় বাধ্যতামূলক করুন। তবে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি ও শিম এড়িয়ে চলুন। গরমে টক দই অত্যন্ত উপকারী। গরমে নানাভাবে টক দই খাওয়া উচিত। মোট কথা গরমে এমন খাবার বেছে নিতে হবে যাতে ফাইবার, ক্লোরোফিল, ওয়াটার কনটেন্ট, প্রচুর জলীয় উপাদান ও এন্টি অক্সিডেন্ট বেশি থাকে।সব কথার শেষ কথা হচ্ছে এই গরমে অসুস্থ হয়ে পড়া যেমন স্বাভাবিক। তেমনি একটু সচেতন হয়ে চললে সুস্থ থাকাও অস্বাভাবিক নয়। শুধু প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা। তাই এ ব্যাপারে মোটেও কার্পণ্য করা চলবে না। সূত্র: ইন্টারনেট অবলম্বনে



« পূর্ববর্তী সংবাদ
সুন্দর জীবনের জন্য - এর আরো খবর
সুখী হতে হলে কিছুটা হতাশ হোন
হোম ¦ শীর্ষ প্রতিবেদন ¦ কড়চা ¦ অপ্রিয় বচন ¦ বিশেষ প্রতিবেদন ¦ সদর-অন্দর ¦ ন্যায়-অন্যায় ¦ মুক্ত মঞ্চ ¦ কাছে দূরে ¦ বিজ্ঞান ও প্রযুক্তি ¦ খেলাধুলা ¦ আন্তর্জাতিক ¦ প্রবাস ¦ সুন্দর জীবনের জন্য ¦ রদবদল ¦ জানা-অজানা ¦ সম্পাদকীয়
2011 © Copyright to SheershaNews.Powered By : orangebd